ফুলবাড়ীতে বকেয়া টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ২০:৫৪ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে জাকিরুল ইসলাম (৩২) নামে এক মুদি দোকানদারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাতে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পুটকিয়ার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত জাকিরুল ইসলাম পুটকিয়া গ্রামের মৃত আফতাবুজ্জামানের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। আটক ব্যক্তির নাম মাহাবুর রহমান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুটকিয়ার মোড়ে জাকিরুল ইসলামের একটি মুদি দোকান রয়েছে। স্থানীয় বাসিন্দা মহসিন আলীর ছেলে মাহাবুর রহমান ওই দোকান থেকে বিভিন্ন পণ্য বাকিতে কিনেছিলেন। রোববার সন্ধ্যায় বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে জাকিরুলের সঙ্গে মাহাবুরের কথা-কাটাকাটি হয়।

এর জের ধরে রাতে মাহাবুর রহমান ও তার দুই ভাই আব্দুল মাবুদ এবং মাহফুজুল সংঘবদ্ধভাবে জাকিরুলের দোকানে যান। সেখানে তারা জাকিরুলের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে জাকিরুলকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হামলার পর স্থানীয়রা একত্রিত হয়ে অভিযুক্ত মাহাবুর রহমানকে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে ফুলবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে দোকানদার জাকিরুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় অভিযুক্ত এক ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে এ হত্যাকাণ্ডের পর এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। নিহতের স্ত্রী ও পরিবারের সদস্যরা এ ঘটনার সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।