দেশে ফিরলে হাসিনার স্থান হবে কারাগারে: বিএনপি নেতা শামীম

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ২০:৫৮ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনা বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমলে বিরোধী দলের হাজার হাজার নিরপরাধ নেতাকর্মী ও সমর্থককে গুম, খুন ও হত্যা করেছিলেন। তার এই হত্যাযজ্ঞ থেকে নিরপরাধ নারী, শিশু এমনকি বৃদ্ধরাও রক্ষা পাননি। সুতরাং এসব গুম, খুন ও হত্যার দায়ে হাসিনাকে ফাঁসির মঞ্চে যেতে হবে।

রোববার রাতে নোয়াখালীর হাতিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবের রহমান শামীম বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা মিথ্যা মামলা, হামলা, জেল-জুলুমের মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলের লাখ লাখ নেতাকর্মীকে কারাগারে বন্দি করে রেখেছিলেন। তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় থানা, জেল ও আদালতের বারান্দায় কেটেছে।

তিনি বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখানে বসে দেশে ফেরার দিবাস্বপ্ন দেখছেন। আমরা ভারত সরকারকে তাকে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছি। এ দেশের মানুষ তার কাছে সব গুম-খুনের হিসাব নেবে। দেশে ফিরলে তার স্থান হবে কারাগারে। হাসিনা ও তার দোসরদের বিচার বাংলার মাটিতেই হবে।

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বাংলাদেশ ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ দেশের আপামর জনতা এসব ষড়যন্ত্র রুখে দেবে।

শামীম বলেন, শ্রমিক আন্দোলনের নামে একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তারা এখন বাসে আগুন দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের কেউ স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। দলের ত্যাগী ও জনপ্রিয় নেতাদের বিবেচনায় নিয়ে একক প্রার্থী দেওয়া হবে। সবাইকে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। দলের সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাতিয়ার ১১টি ইউনিয়নে দলের প্রার্থীদের বিজয়ী করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মোকাররম বিল্যাহ শাহাদাতের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাসিব মঈন উদ্দিন মাহমুদ, আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, লুৎফুল্লাহিল মজিদ নিশান, আশিক ইকবাল, তানভির হায়দার, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ, সদস্যসচিব ফাহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্যসচিব আব্দুল হালিম ও অ্যাডভোকেট সুমনসহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।