দামুড়হুদায় দুই ক্লিনিকে অভিযান, জরিমানা ৪৫ হাজার টাকা

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ২১:৪১ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে দুটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান। এ সময় দামুড়হুদা মডেল থানা-পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।

অভিযানকালে ক্লিনিক দুটিতে বিভিন্ন অনিয়ম ও স্বাস্থ্যসেবা পরিচালনার নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠান দুটিকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া কার্পাসডাঙ্গা বাজারের অন্যান্য কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র এবং অনুমোদন সঠিক আছে কি না, তা খতিয়ে দেখে স্বাস্থ্য পরিদর্শন দল।

প্রশাসনিক সূত্র জানায়, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো যাতে সরকারি নিয়মকানুন মেনে মানসম্মত সেবা প্রদান করে, তা নিশ্চিত করতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।