হরিরামপুরে শ্রেণিকক্ষে ফ্যান ভেঙে দুই শিক্ষার্থী আহত
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ২১:৫১ | অনলাইন সংস্করণ
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে শ্রেণিকক্ষে চলন্ত ফ্যান ভেঙে পড়ে দ্বিতীয় শ্রেণির দুই শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলো দিয়াবাড়ি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আমির হামজা এবং একই শ্রেণির ছাত্র অর্ক।
তাদের মধ্যে আমির হামজা গুরুতর আহত হওয়ায় তাকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। অর্ক সামান্য আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠানো হয়।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রেণিকক্ষে পাঠদান চলছিল। এ সময় ওপর থেকে চলন্ত ফ্যানটি ভেঙে শিক্ষার্থীদের পাশে পড়ে। ফ্যানের পাখার আঘাতে আমির হামজার নাক ও চোখে গুরুতর আঘাত লাগে। অপর শিক্ষার্থী অর্কও আহত হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম কাজল জানান, বিদ্যালয়ের টিনশেড ঘরটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ঘরের বিভিন্ন অংশের টিন ভেঙে গেছে। সামান্য বৃষ্টি হলেই পানি পড়ে। এর আগে কোনো রকমে মেরামত করা হলেও তাতে তেমন কাজ হয়নি। ঝুঁকি নিয়েই শিক্ষার্থীদের ক্লাস নিতে হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপদে পাঠদানের জন্য পুরোনো জরাজীর্ণ ঘরটি নতুন করে নির্মাণ করা প্রয়োজন।
প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক লুৎফর রহমান জানান, অনাকাঙ্ক্ষিতভাবে দ্বিতীয় শ্রেণির কক্ষের ফ্যানটি ভেঙে পড়ে। এতে ফ্যানের পাখার আঘাতে দুই শিক্ষার্থী আহত হয়। বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। প্রায় এক মাস আগে ভবনটি মেরামতের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে। দ্রুত ভবনটি মেরামত করা না হলে যেকোনো সময় আবারও এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আজকের ঘটনাটি উপজেলা শিক্ষা কর্মকর্তাকেও মৌখিকভাবে জানানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, এর আগে দুইবার বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য বাজেট বরাদ্দ এলেও জমিসংক্রান্ত জটিলতার কারণে সেই অর্থ ফেরত চলে গেছে। বিদ্যালয়ের ভেতরে বন্যার্তদের জন্য একটি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। ওই জায়গাটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ। সেখানে তিনটি কক্ষ প্রাথমিক বিদ্যালয়ের ব্যবহারের জন্য বরাদ্দ থাকার কথা থাকলেও মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ তা ব্যবহার করতে দিচ্ছে না। এ বিষয়টি নিয়ে আলোচনা করে ওই ভবনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাসের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেবনাথ জানান, বিদ্যালয়ের ভেতরে বন্যার্তদের জন্য একটি আশ্রয়কেন্দ্র রয়েছে। সেখানে শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার সুযোগ বা বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলবেন।
