ঠাকুরগাঁওয়ে দুই ভাইকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১৪:৪৫ | অনলাইন সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই সহোদর ভাইকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে রবিন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত দুই ভাই বর্তমানে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তবে পুলিশ বলছে, ঘটনার পেছনে রয়েছে জমিসংক্রান্ত বিরোধ।

অভিযুক্ত রবিন ঠাকুরগাঁও পৌরশহরের মুন্সীপাড়া মহল্লার সিদ্দিকের ছেলে। আহত দুই ভাই হলেন একই এলাকার জাহিদুল ইসলাম (৫৪) ও হাবলু (৬০)।

অভিযোগ সূত্রে জানা যায়, রবিন দীর্ঘদিন ধরে এলাকায় প্রাইভেট কার ব্যবহার করে মাদক কারবার চালিয়ে আসছিলেন। গত শনিবার (৭ নভেম্বর) তাকে মাদক বিক্রির সময় হাতেনাতে ধরে ফেলেন জাহিদুল ইসলাম ও হাবলু। এ সময় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে রবিন তার ব্যবহৃত প্রাইভেট কারটি ওই দুই ভাইয়ের ওপর উঠিয়ে দিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক পৌর কাউন্সিলর বলেন, রবিন এলাকায় একজন উচ্ছৃঙ্খল ও দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বেপরোয়া কর্মকাণ্ডে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। ভয়ে সাধারণ মানুষ তার বিরুদ্ধে কথা বলার সাহস পান না।

স্থানীয় আরেক ব্যক্তি অভিযোগ করেন, একটি প্রভাবশালী রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে রবিন দীর্ঘদিন ধরে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন।

এদিকে ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এর আগেও রবিনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল। ২০২২ সালের ২৪ অক্টোবর ঠাকুরগাঁও সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (জিআর নম্বর: ৩৪৫/২২) দায়ের করা হয়। ওই সময় তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা ও নগদ ২০ হাজার টাকা উদ্ধারের তথ্য রয়েছে।

মামলার বাদী মোহাম্মদ আলী রনি জানান, রবিনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্ত ও তার সহযোগীরা ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছেন। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ-সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। তবে প্রাথমিক তদন্তে বিষয়টি মাদকসংক্রান্ত বলে প্রতীয়মান হচ্ছে না; বরং পূর্বের জমিসংক্রান্ত বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।