বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত চিকিৎসাসেবা
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১৪:৫৬ | অনলাইন সংস্করণ
সিদ্দিক হোসেন, দিনাজপুর

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত এক যুগে শয্যাসংখ্যা বাড়লেও বাড়েনি জনবল। ফলে প্রতিনিয়ত বাড়ছে রোগীর চাপ, সেই সঙ্গে বাড়ছে রোগীদের ভোগান্তি। স্বাস্থ্যকর্মীদের কাজের চাপও বেড়েছে বহুগুণ। এমন পরিস্থিতিতে হাসপাতালটির চিকিৎসাসেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে।
৫০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে ৪০০ থেকে ৫০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। অন্তর্বিভাগেও নিয়মিত ভর্তি থাকছেন ৭০ থেকে ৮০ জন রোগী। অথচ এসব রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করার মতো পর্যাপ্ত চিকিৎসক নেই। গাইনি, সার্জারি, কার্ডিওলজি ও অর্থোপেডিক্স বিশেষজ্ঞ না থাকায় ভোগান্তিতে পড়ছেন রোগীরা।
সুজালপুর ইউনিয়নের চাকাই গ্রামে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে ১৯৭৮ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি স্থাপিত হয়।
২০১৩ সালে হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও জনবল রয়ে গেছে ৩১ শয্যার হাসপাতালের কাঠামোতেই। এদিকে মহাসড়কের পাশে এবং কয়েকটি প্রতিবেশী উপজেলার কাছাকাছি হওয়ায় হাসপাতালটিতে সব সময়ই রোগীর চাপ বেশি থাকে।
হাসপাতালটিতে চিকিৎসকের ৩৩টি পদ থাকলেও কর্মরত আছেন ১৩ জন। তাদের মধ্যে তিনজন প্রেষণে রয়েছেন। তৃতীয় শ্রেণির কর্মচারীর ৩৫টি পদের বিপরীতে কর্মরত আছেন ২২ জন। ৫০ শয্যার হাসপাতালের জন্য চতুর্থ শ্রেণির কর্মচারীর কোনো পদ সৃষ্টি হয়নি। ৩১ শয্যার হাসপাতালের কাঠামো অনুযায়ী ২১টি পদের বিপরীতে কর্মরত আছেন ১৩ জন। শূন্য রয়েছে আটটি পদ। এ ছাড়া ছয়টি এমএলএসএস পদের সব কটিই শূন্য। হাসপাতালে কোনো আয়া নেই। মাত্র চারজন পরিচ্ছন্নতাকর্মী দিয়ে পরিচালিত হচ্ছে ৫০ শয্যার হাসপাতালটি।
সেবা কার্যক্রম সবচেয়ে বেশি ব্যাহত হচ্ছে অ্যানেসথেশিয়া ও সার্জারি চিকিৎসকের অভাবে। অপারেশন থিয়েটার চালু থাকলেও চিকিৎসকের অভাবে অন্তঃসত্ত্বা মায়েদের সিজারিয়ান অস্ত্রোপচার করা যাচ্ছে না। ফলে অধিকাংশ ক্ষেত্রেই তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এতে সময়ক্ষেপণ ও দুর্ভোগের আশঙ্কায় অনেকে স্থানীয় ক্লিনিকে চলে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় ক্লিনিকগুলোতে চিকিৎসার জন্য মোটা অঙ্কের টাকা গুনতে হচ্ছে।
মহাসড়কের পাশে হওয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রোগীর চাপও বেশি এই হাসপাতালে। অথচ এখানে কোনো অর্থোপেডিক্স চিকিৎসক নেই।
চলতি বছর বর্তমান সরকার অর্থোপেডিক্স চিকিৎসকসহ কয়েকজন চিকিৎসক নিয়োগ দিলেও ৩০তম বিসিএসের অর্থোপেডিক্স চিকিৎসক মো. মনিরুল ইসলাম যোগদানের পর উন্নত সুযোগ-সুবিধার স্বার্থে প্রেষণে দিনাজপুর জেনারেল হাসপাতালে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
এ ছাড়া ২০২৪ সালের জানুয়ারিতে নিয়োগ পাওয়া ৩২তম বিসিএসের কার্ডিওলজি চিকিৎসক মো. মামুনুর রশিদ উপজেলা হাসপাতালে যোগদানের পর থেকে সংযুক্তির মাধ্যমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, দুজনই বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বেতন নিচ্ছেন।
পলাশবাড়ী ইউনিয়নের ঝলঝলি গ্রামের আব্দুর রশিদ বলেন, ‘আমার বাবাকে ভোরে বুকে ব্যথার কারণে হাসপাতালে ভর্তি করেছি। কিন্তু হার্টের ডাক্তার না থাকায় চিকিৎসা হচ্ছে না। তাঁকে নিয়ে এখন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হবে।’
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, আগে বহির্বিভাগে প্রতিদিন ২০০ থেকে ২৫০ জন রোগী দেখা হতো। মহাসড়কের পাশে হাসপাতাল হওয়ায় বর্তমানে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ রোগী দেখতে হচ্ছে। আগে অন্তর্বিভাগে ৪০ থেকে ৫০ জন রোগী ভর্তি থাকলেও এখন নিয়মিত ৭০ থেকে ৮০ জন থাকছেন। এতে শয্যাসংকট তৈরি হচ্ছে। রোগীদের বারান্দার মেঝেতেও বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। অন্যদিকে অল্পসংখ্যক চিকিৎসক ও নার্স একসঙ্গে এত রোগীকে সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজ সুলতানা বলেন, অপারেশন থিয়েটার ভালো রয়েছে। তবে আল্ট্রাসনোগ্রাম মেশিনটি নষ্ট। জনবল সংকটও রয়েছে। বর্তমানে হাসপাতালে কার্ডিওলজি, গাইনি, সার্জারি ও অর্থোপেডিক্স চিকিৎসক জরুরি প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
ভুক্তভোগী জনগণ দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলামের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসক ও কর্মচারী নিয়োগ এবং প্রসব ও অস্ত্রোপচারসেবা চালুর বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
