পাবনায় রাতে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগের অবরোধের চেষ্টা

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১৫:২১ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয়।

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের লালন শাহ সেতুর টোল প্লাজা-সংলগ্ন গোলচত্বরে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছাত্রলীগের একটি ফেসবুক পেজ থেকে প্রচারিত ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক পরা কয়েকজন নেতাকর্মী সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানের পাশাপাশি সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে ও উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের সমর্থনেও স্লোগান দিতে শোনা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে একদল নেতাকর্মী হঠাৎ মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন। এতে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই মিছিলকারীরা সেখান থেকে চলে যান।

এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।