পলাশে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১৭:০৫ | অনলাইন সংস্করণ
নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঘোড়াশাল-পলাশ বাইপাস সড়কের রিজেন্ট পাওয়ার প্লান্টের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মাসুম মিয়া পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার গড়পাড়া গ্রামের বাসিন্দা জাকির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতের কোনো একসময় ঘোড়াশাল-পলাশ বাইপাস সড়কের রিজেন্ট পাওয়ার প্লান্টের সামনে বৈদ্যুতিক তার চুরি করতে যান মাসুম। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পরে মঙ্গলবার সকালে সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পলাশ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে তার পরিচয় শনাক্ত করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
