নকলায় এসবিসি প্রকল্পের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১৮:২০ | অনলাইন সংস্করণ
নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের ফ্রন্টলাইন কর্মীদের আন্তব্যক্তিক যোগাযোগ, কমিউনিটি এনগেজমেন্ট ও নেটওয়ার্ক সদস্যদের নিয়ে এমএনসিএএইচ বিষয়ে দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ও মঙ্গলবার দিনব্যাপী এ প্রশিক্ষণ চলে। প্রশিক্ষণ শেষে মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির নকলা উপজেলা শাখার সমন্বয়কারী নার্গিস আক্তার ও সিএফ কামরান হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবাল সরকার পার্থ ও মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মালিহা নুঝাত।
প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. খন্দকার তানভীরুল ইসলাম ও ইউনিসেফ বাংলাদেশের কনসালট্যান্ট ডা. নাজমুল হক চৌধুরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন ডা. তুনাজ্জিনা শাহারিন, ডিস্ট্রিক্ট এসআরএইচআর কোঅর্ডিনেটর, ডিজি এইচএস-ইউএনএফপিএ এবং এসবিসি প্রকল্পের সমন্বয়কারী সঞ্জয় সরকার ও প্রশিক্ষণ কর্মকর্তা মো. আলমগীর প্রমুখ।
দুই দিনের এ প্রশিক্ষণে উপজেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীসহ মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
