১১০ বছরে অক্সফোর্ডখ্যাত রংপুরের কারমাইকেল কলেজ
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ২০:১৬ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

অক্সফোর্ডখ্যাত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রংপুরের কারমাইকেল কলেজ ১১০ বছরে পদার্পণ করেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজন করা হয়।
সকাল ১০টায় জাতীয় ও কলেজের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে কলেজ মাঠে আলোচনা সভা, স্মৃতিচারণ ও কেক কাটার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. জালাল উদ্দিন আকবর, কাকসুর সাবেক ভিপি আলাউদ্দিন মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল হোসেন মণ্ডল।
শিক্ষার আলো ছড়িয়ে যোগ্য নেতৃত্ব ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ গড়ার প্রতিষ্ঠান হিসেবে পরিচিত শতবর্ষী এই বিদ্যাপীঠে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। নবীন-প্রবীণ শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাজসজ্জায় সেজেছে ক্যাম্পাস। আলোকসজ্জায় ঝলমল করছে ঐতিহ্যবাহী ভবনগুলো। বিকেলে কলেজ মাঠে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা ও ব্যান্ড সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবু সায়েম বলেন, ব্রিটিশ শাসন, পাকিস্তানি শোষণ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের জীবন্ত সাক্ষী কারমাইকেল কলেজ। এই প্রতিষ্ঠানের শত বছরের গৌরব ও অর্জন অনন্য। নবীন-প্রবীণ শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় পুরো ক্যাম্পাস মুখর হয়ে উঠেছে।
উল্লেখ্য, ১৯১৬ সালের ১০ নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল এই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার নামেই কলেজটির নামকরণ করা হয় কারমাইকেল কলেজ। ১৯১৭ সালের জুলাইয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় এখানে আইএ ও বিএ শ্রেণির পাঠদানের অনুমতি দেয়। শুরুতে প্রায় দুই বছর রংপুর জেলা পরিষদ ভবনে কলেজের ক্লাস পরিচালিত হয়। ১৯১৮ সালের ১২ ফেব্রুয়ারি কলেজের মূল ভবন উদ্বোধন করা হয়। জার্মান নাগরিক ড. ওয়াটকিন ছিলেন কলেজের প্রথম অধ্যক্ষ।
জাতীয় বিশ্ববিদ্যালয়-অধিভুক্ত কারমাইকেল কলেজে বর্তমানে ২১টি বিভাগে প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন।
