অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ২২:০৮ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সায়েম হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার রাতে উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়েম ওই গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে নিজ বাড়িতে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সায়েম। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

মঙ্গলবার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে সায়েমের দাফন সম্পন্ন হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম জানান, অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর বিষয়টি তারা অবগত হয়েছেন।