মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, যুবক নিহত
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১৭:১৮ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেল হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের ইকো পার্কের কাছে রাস্তার পাশের খাদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রাসেল হোসেন উপজেলার সেনেরহুদা মাদ্রাসাপাড়া গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে সন্তোষপুর ইকো পার্কের কাছে বিদ্যুতের পোল তৈরির কারখানার ৪-৫ জন শ্রমিক কাজে যাওয়ার সময় রাস্তার পাশের খাদে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা ট্রিপল নাইনে ফোন করেন। খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের বাবা ইলিয়াস হোসেন জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে রাসেল পাশের সন্তোষপুর পাম্প থেকে পেট্রোল কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। অবশেষে বুধবার সকালে সন্তোষপুর ইকো পার্কের কাছে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন তিনি। তার ধারণা, মোটরসাইকেল দুর্ঘটনায় ছেলের মৃত্যু হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলাইমান সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাসেল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খেজুরগাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হন।
