মুন্সীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১৭:১৯ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মো. বদরুদ্দোজা। বুধবার দুপুর ১২টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় করেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলায় মাদকের বিস্তার রোধ, চুরি-ডাকাতি প্রতিরোধ, শহরের যানজট নিরসন এবং স্পর্শকাতর এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি জানান।

পুলিশ সুপার মো. বদরুদ্দোজা তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ, চাঁদাবাজি, মাদক, ছিনতাই, চুরি ও ডাকাতি প্রতিরোধে পুলিশ কাজ করবে। পাশাপাশি সাইবার বুলিং প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধ, অনলাইন জুয়া বন্ধ এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি। এ ক্ষেত্রে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করলে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. ইমরান আহম্মেদ পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আকবর আলী, প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।