পীরগঞ্জে দুই দশকেও নিষ্পত্তি হয়নি ওয়াহেদ হত্যা মামলা
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১৮:২৬ | অনলাইন সংস্করণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জের যুবদল নেতা আব্দুল বাতেন মিয়া ২০ বছরেও তার বাবার হত্যার বিচার পাননি। হত্যাকারীদের বিচারের দাবিতে আজও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। একই সঙ্গে তার ভোগদখলীয় একখণ্ড জমি প্রতিপক্ষরা জোরপূর্বক দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাতেন। এ অবস্থায় তিনি বর্তমান সরকার ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার ঢোড়াকান্দর গ্রামের আব্দুল ওয়াহেদ মিয়া মিঠাপুকুর উপজেলার খামার হরিপুর গ্রামে নিজের একখণ্ড জমিতে অবস্থান করে দীর্ঘদিন ধরে মাছ ও সুপারির ব্যবসা করতেন। এ কাজে তার ছেলে বাতেন মিয়াও সহযোগিতা করতেন।
২০০৪ সালের ২১ আগস্ট বাতেন মিয়া খামার হরিপুর গ্রামে বাবার সঙ্গে ব্যবসা-সংক্রান্ত আলোচনা শেষে রাতে ঢোড়াকান্দর গ্রামের বাড়িতে ফিরে যান। পরদিন ২২ আগস্ট খামার হরিপুর গ্রামের ব্যবসাপ্রতিষ্ঠানের ঘরের বারান্দা থেকে হাত বাঁধা অবস্থায় ওয়াহেদ মিয়ার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওয়াহেদ মিয়ার ছেলে বাতেন মিয়া মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার বাদী বাতেন মিয়ার দাবি, জমিসংক্রান্ত বিরোধের জেরে তার বাবাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি বড় মির্জাপুর গ্রামের মৃত গফুর মণ্ডলের ছেলে সোহরাব হোসেন ও আব্দুল মালেকসহ কয়েকজনকে মামলায় অভিযুক্ত করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আসলাম শিকদার ও হাসান ইনাম পর্যায়ক্রমে তদন্ত করেন। তদন্ত শেষে এসআই হাসান ইনাম আসামিদের অব্যাহতির আবেদন জানিয়ে ২০০৬ সালের ৩০ জুন আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনের নম্বর ৬১ এবং ধারাগুলো ৩০২/৩৪।
প্রতিবেদনে ৩০২/৩৪ ধারায় অপরাধ সংঘটিত হওয়ার বিষয়টি উল্লেখ করা হলেও আসামিদের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানানো হয়। তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ভবিষ্যতে মামলার অগ্রগতির কোনো সম্ভাবনা দেখা দিলে মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করা যেতে পারে।
এ বিষয়ে মামলার বাদী আব্দুল বাতেন মিয়ার সঙ্গে কথা বলে জানা গেছে, যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে বিগত আওয়ামী লীগ সরকারের সময় অনেক চেষ্টা করেও তিনি বাবার হত্যার বিচার পাননি। দীর্ঘ ২০ বছর পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বাতেন মিয়ার দাবি, তার বাবা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। তাই মামলাটি পুনঃতদন্তের মাধ্যমে তার বাবার হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বর্তমান সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
