দেবহাটায় আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে শিশুসহ অনেকে

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১৯:১৮ | অনলাইন সংস্করণ

  দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় প্রকৃতিতে এখন ঋতু পরিবর্তনের পালাবদল চলছে। দিনে কড়া রোদ ও তীব্র গরম, আর রাত নামতেই হালকা শীতের আমেজ—এমন বৈচিত্র্যময় আবহাওয়া বিরাজ করছে দেবহাটাসহ জেলাজুড়ে। দিনের বেলা রোদের প্রখরতা সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুললেও সন্ধ্যা গড়াতেই চারপাশে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা।

আবহাওয়ার এমন পরিবর্তনের কারণে শিশুসহ সাধারণ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। অনেকে ঠান্ডা, সর্দি-কাশির পাশাপাশি জ্বরে আক্রান্ত হচ্ছেন। আবার এসব অসুস্থতা ১০ থেকে ১৫ দিনেও সারছে না। বর্তমানে দেশে ডেঙ্গুর প্রকোপ থাকায় অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়ছেন। হাসপাতালগুলোতে রোগী ভর্তির পাশাপাশি ডেঙ্গুসহ বিভিন্ন শারীরিক পরীক্ষা করাতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।

স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে এ অঞ্চলে দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকছে। কড়া রোদের কারণে গরমও অনুভূত হচ্ছে বেশি। বিশেষ করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ এতটাই বাড়ে যে ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে পড়ে। তবে বিকেল গড়াতেই আবহাওয়ার পরিবর্তন শুরু হয়। হিমেল হাওয়ার ছোঁয়ায় সন্ধ্যার পর থেকে হালকা ঠান্ডা অনুভূত হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের অনুভূতি বাড়তে থাকে। শেষ রাতে অনেককে হালকা কাঁথা বা চাদর গায়ে জড়াতে হচ্ছে।

আবহাওয়ার এমন পরিবর্তনে সাধারণ মানুষের জীবনযাত্রায় তৈরি হয়েছে ভিন্নধর্মী অভিজ্ঞতা। দিনের বেলা রোদ থেকে বাঁচতে পথচারী ও খেটে খাওয়া মানুষ সুতির কাপড় ব্যবহার করছেন। গরমের কারণে দিনমজুর ও ভ্যানচালকদের কাজে বাড়তি কষ্ট হলেও রাতের আরামদায়ক আবহাওয়া তাদের দিনের ক্লান্তি কিছুটা দূর করছে।

দেবহাটার ভ্যানচালক ফজর আলী বলেন, "দিনের বেলা রোদে শরীর পুড়ে যাওয়ার মতো গরম লাগে, ঘেমে একাকার হয়ে যাই। অথচ রাতে ঘুমানোর সময় গায়ে হালকা কাঁথা না টানলে ঠান্ডা লেগে যায়। অদ্ভুত এক আবহাওয়া চলছে এখন।"

চিকিৎসকরা বলছেন, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধরা সর্দি, কাশি, জ্বর এবং নিউমোনিয়ার মতো বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত হতে পারেন। তাই এ সময় স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা।

এ বিষয়ে দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে পোলেন অ্যালার্জির বিস্তার ঘটে। এর ফলে সাধারণ মানুষ অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত হন। এ ছাড়া এ সময় ভাইরাসজনিত সমস্যাতেও অনেকে আক্রান্ত হন। এ সময় বাইরে বের হলে মাস্ক ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং বেশি করে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রকৃতির এমন পালাবদলে লেপ-তোশক তৈরির কারিগররাও তাদের পুরোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। শীত পুরোপুরি জেঁকে বসার আগেই দক্ষিণ জনপদের মানুষ এখন উপভোগ করছে দিনের গরম ও রাতের শীতের এই মিশ্র আবহাওয়া।