সিরাজগঞ্জ ডিসি অফিসে সৌরবিদ্যুৎ, মাসে সাশ্রয় ২ লাখ টাকা

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ২১:১৫ | অনলাইন সংস্করণ

  এস.এম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ

বিদ্যুতের চাহিদা পূরণ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে ৭১ লাখ টাকা ব্যয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফিস) ছাদে স্থাপন করা হয়েছে রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্ট। এর মাধ্যমে কার্যালয়ের বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি সরকারের বিদ্যুৎ ব্যয়ও সাশ্রয় হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদের তিনটি ব্লকে ২৪০টি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। এসব প্যানেল থেকে সূর্যের আলো ব্যবহার করে উৎপাদিত হচ্ছে ১৫০ কিলোওয়াট বিদ্যুৎ। উৎপাদিত বিদ্যুৎ জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন দপ্তরের কাজে ব্যবহার করা হচ্ছে।

এতে জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর চাপ কমার পাশাপাশি সরকারের বিদ্যুৎ ব্যয়ও সাশ্রয় হচ্ছে। ছুটির দিনে সোলার প্যানেলে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ নেসকোর কাছে বিক্রি করা হচ্ছে। ইতিমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের বিদ্যুৎ বিল কমেছে। প্রতি মাসে প্রায় ২ লাখ টাকা সাশ্রয় হচ্ছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপিত এই সৌরবিদ্যুৎ প্রকল্প দেখতে বিভিন্ন স্থান থেকে লোকজন আসছেন। অনেকেই সরকারি-বেসরকারি অফিসের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নিচ্ছেন। এ ছাড়া গ্রামগঞ্জে পাকা বাড়ির ছাদেও সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা হচ্ছে। ইতিমধ্যে অনেক অফিস ও বাড়ির ছাদে এ ব্যবস্থা চালু হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম আলোকিত বাংলাদেশকে জানান, ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের ফলে প্রতি মাসে প্রায় ২ লাখ টাকা সাশ্রয় হচ্ছে। সরকারের এ উদ্যোগের ফলে সরকারি অফিসের বিদ্যুতের চাহিদাও পূরণ হচ্ছে। জেলার অন্যান্য সরকারি ভবনের ছাদেও এ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।

তিনি আরও জানান, রুফটপ সোলার প্যানেল স্থাপনের জন্য জেলার উপজেলাগুলোতে ২০ লাখ টাকা করে এবং পৌরসভাগুলোতে ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এর ফলে বাড়তি বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় গ্রিডে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে লাখ লাখ টাকা সাশ্রয় হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।