বিকাশ প্রতারণার শিকার গৃহবধূ, খোয়ালেন প্রায় ৫০ হাজার টাকা
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ২২:০১ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার শ্যামলীপাড়া মহল্লায় অধিক লাভের আশায় বিকাশ প্রতারকের খপ্পরে পড়ে প্রায় ৫০ হাজার টাকা খুইয়েছেন পারুল রেখা নামে এক গৃহবধূ। তিনি ওই মহল্লার আনোয়ার হোসেন সাগরের স্ত্রী এবং উল্লাপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের নকলনবিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার সকালে প্রতিদিনের মতো সাব-রেজিস্ট্রি অফিসে যান পারুল রেখা। এ সময় ০১৮৬১৯৫৩৬৯১ নম্বর থেকে তার মোবাইল ফোনে ০১৭৭৩৩৫৮৪১৭ নম্বরে কল আসে।
ফোনে অপর প্রান্তের ব্যক্তি নিজেকে কুষ্টিয়া থেকে বলছেন বলে পরিচয় দেন। তিনি পারুল রেখাকে জানান, তার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। দ্রুত অ্যাকাউন্ট চালু না করলে বড় ধরনের ক্ষতি হবে। অ্যাকাউন্টটি চালু করতে ৫০ হাজার টাকা লাগবে। ওই টাকা তার বিকাশ নম্বরে পাঠালে অ্যাকাউন্ট চালু হবে এবং সেখানে দুই লাখ টাকা জমা হবে।
প্রতারকের এমন প্রলোভনে পড়ে পারুল রেখা তাৎক্ষণিকভাবে উল্লাপাড়া বাজারের একটি বিকাশ এজেন্টের দোকানে যান। সেখানে প্রথম দফায় ২৪ হাজার ৯০০ টাকা এবং দ্বিতীয় দফায় ১৫ হাজার টাকা প্রতারকের দেওয়া নম্বরে পাঠান। পরে আরও ৭ হাজার ২০০ টাকা পাঠানোর জন্য ওই ব্যক্তি তাকে মিষ্টি কথায় চাপ দিতে থাকেন।
এরপর পারুল রেখা অন্য একটি বিকাশ এজেন্টের দোকানে গিয়ে প্রতারকের দেওয়া ০১৮৬২৫৯৩৬৪১ নম্বরে তৃতীয় দফায় ৭ হাজার ২০০ টাকা পাঠান। টাকা পাঠানোর ১০ মিনিটের মধ্যে তার বিকাশ অ্যাকাউন্ট চালু হবে এবং পুরস্কার হিসেবে দুই লাখ টাকা জমা হবে বলে জানানো হয়েছিল।
কিন্তু আধা ঘণ্টা পার হলেও অ্যাকাউন্ট চালু না হওয়ায় পারুল রেখা প্রতারকের দেওয়া দুটি নম্বরে ফোন করেন। এ সময় নম্বর দুটি বন্ধ পান তিনি। এরপরই জ্ঞান হারিয়ে ফেলেন ওই গৃহবধূ। পরে সাব-রেজিস্ট্রি অফিসের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
