ঈশ্বরদীতে প্রতিবন্ধী শিক্ষককে ইলেকট্রিক হুইলচেয়ার উপহার
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ২২:২৭ | অনলাইন সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

শারীরিক প্রতিবন্ধকতা যেন শিক্ষকতা ও স্বাভাবিক চলাচলের পথে বাধা হয়ে না দাঁড়ায়, এমন মানবিক উদ্যোগে পাবনার ঈশ্বরদীতে এক প্রতিবন্ধী শিক্ষকের পাশে দাঁড়িয়েছেন ঢাকার আমিরজান হাই স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইদুর রহমান দীপু। তার পক্ষ থেকে দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রুবেল হোসেনকে যাতায়াতের সুবিধার্থে একটি ইলেকট্রিক হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আমিরজান হাই স্কুলের প্রতিনিধিরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলীর উপস্থিতিতে রুবেল হোসেনের হাতে হুইলচেয়ারটি তুলে দেন। এ সময় তাকে নগদ অর্থসহ আরও কিছু উপহারসামগ্রী দেওয়া হয়।
এ উদ্যোগের ফলে রুবেল হোসেনের দৈনন্দিন যাতায়াতের ভোগান্তি কমবে এবং স্বাভাবিক চলাচলে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরজান হাই স্কুলের সিনিয়র শিক্ষক সাজেদুল হক তপু ও সহকারী শিক্ষক শিশির ভক্ত, দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, সিনিয়র শিক্ষক গোলাম রব্বানী খান জুবায়ের, খাইরুল হাসান বাবুসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা।
মানবিক এ উদ্যোগকে শিক্ষক সমাজের প্রতি সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন উপস্থিত ব্যক্তিরা।
