জামালপুরে গ্রেপ্তারের পর হাসপাতালে মৃত্যু, তদন্তে পুলিশ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৬:০৪ | অনলাইন সংস্করণ

  জামালপুর প্রতিনিধি

জামালপুরে গ্রেপ্তারের পর থানা হাজতে অসুস্থ হয়ে পড়েন এক আসামি। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মো. শহিদুল্লাহ নামে ওই আসামির মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত মো. শহিদুল্লাহ জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। একটি মামলায় আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ ৫২ হাজার টাকা অর্থদণ্ড দেন। ওই রায়ের পর তার বিরুদ্ধে সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

জানা গেছে, বুধবার রাতে পুলিশ শহিদুল্লাহকে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে থানা হাজতে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় পুলিশ দ্রুত তাকে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, মো. শহিদুল্লাহ দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন জানান, সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. শহিদুল্লাহকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছিল। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।