দিনাজপুরে স্যানিটেশন মার্কেটিং প্রকল্পের সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৬:৪৩ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে স্যানিটেশন মার্কেটিং সিস্টেম (স্যানমার্কস) প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। তিনি স্যানিটেশনের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
দিনাজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মুরাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার (এসডিও) মো. বাবুল আখতার ও সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার (ওয়াশ কনসালট্যান্ট, ইউনিসেফ) দীপক কান্তি রায়।
সম্মেলনে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, সামগ্রিক অগ্রগতি এবং সংশ্লিষ্ট জেলার কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া স্যানমার্কস ও স্যানিটেশন মার্কেটিংয়ের মাধ্যমে টেকসই ব্যবসা সম্প্রসারণ পরিকল্পনা, প্রকল্পের অর্জন ও অভিজ্ঞতা বিনিময়, ডিপিএইচইর করণীয়, এসবিএ গঠন এবং ডিপিএইচইর সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।
আলোচনায় সরকারের উদ্যোগ, টেকসই স্যানিটেশনের লক্ষ্যমাত্রা এবং এসডিজি ৬.২ অর্জনে এলপিদের ভূমিকা তুলে ধরা হয়। পাশাপাশি ডিপিএইচইর উপসহকারী ও সহকারী প্রকৌশলীদের দায়িত্ব, কমিউনিটি বা স্থানীয় পর্যায়ে স্যানিটেশনের চাহিদা অনুযায়ী বিক্রয়ের রেকর্ড সংরক্ষণ, প্রতিবেদন তৈরির প্রক্রিয়া এবং এলপিদের সম্পৃক্ততা নিয়েও আলোচনা হয়।
এ ছাড়া জিওবি-ইউনিসেফ প্রকল্পের অভিজ্ঞতা বিনিময়, চলমান স্যানিটেশন ব্যবসা সম্প্রসারণে করণীয়, পুঁজি ও ঋণপ্রাপ্তি, নতুন উদ্ভাবন এবং স্যানিটেশনের চাহিদা সৃষ্টির বিষয়ে উন্মুক্ত আলোচনা ও মতামত গ্রহণ করা হয়। সম্মেলনের শেষ পর্যায়ে সারসংক্ষেপ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।
সম্মেলনে ডিপিএইচই দিনাজপুর বিভাগের সহকারী প্রকৌশলী মো. মনজুরুল ইসলাম ও মো. হুমায়ুন কবির, বিভিন্ন উপজেলার সহকারী ও উপসহকারী প্রকৌশলী এবং দিনাজপুর জেলার সব উপজেলা থেকে আসা এলপি বা ল্যাট্রিন প্রডিউসাররা অংশ নেন।
