পীরগঞ্জে গোল্ডেন এ প্লাস পাওয়া তিন শিক্ষার্থীকে সম্মাননা
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৭:০১ | অনলাইন সংস্করণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জ উপজেলার গুর্জিপাড়া উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়া তিন কৃতি শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা দিয়েছে রংপুর জেলা পরিষদ।
বৃহস্পতিবার বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে আর্থিক অনুদানের চেক, মেডেল ও সনদ তুলে দেন বিদ্যালয়ের সভাপতি ও সাংবাদিক বখতিয়ার রহমান।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসেন চানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক আকতার হোসেন চান বলেন, প্রতিটি শিক্ষার্থীকে আন্তরিকতার সঙ্গে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। তাহলেই পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে এবং বাবা-মায়ের মুখে হাসি ফুটবে।
বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক বখতিয়ার রহমান বলেন, বর্তমান সরকার নকলমুক্ত পরিবেশে শিক্ষার মান উন্নয়নে যেসব পদক্ষেপ গ্রহণ করছে, তা উন্নত জাতি গঠনে সহায়ক হবে। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। তাহলেই সরকারের উদ্দেশ্য সফল হবে।
এদিকে আর্থিক সহায়তা ও সম্মাননা পাওয়ায় কৃতী শিক্ষার্থী সিরাতুল জান্নাত, সাদিকা আফরিন ও ফারিহা প্রাপ্তি প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
