মাধবপুরে ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৩
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৭:১২ | অনলাইন সংস্করণ
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের একটি কাভার্ড ভ্যানের সজোরে ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াপাড়া কাউছার নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে চুয়াডাঙ্গা-ট-১১-০৫০৮ নম্বরের একটি পাথরবোঝাই ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এর প্রায় ৩০ মিনিট পর ঢাকাগামী বাংলাদেশ ডাক বিভাগের ডাক ও পার্সেলবাহী একটি মাঝারি আকারের কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১১-৮৪২৫) নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে কাভার্ড ভ্যানের তিন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন কাভার্ড ভ্যানের চালক জসিম (৪০)। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত খাইরুদ্দিনের ছেলে। অপর দুজন হলেন একই উপজেলার ইসলামপুরের মোকাবিল গ্রামের কামারুজ্জামানের ছেলে আবুল কালাম আজাদ (২৮) এবং মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের মাইনুদ্দিন মিয়ার ছেলে মো. মজনু মিয়া (৫৪)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মহাসড়কে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা যানবাহন এবং রাতে চলাচলের ঝুঁকি আবারও প্রাণহানির বিষয়টি সামনে নিয়ে এসেছে।
