ভূরুঙ্গামারীতে চুরির অভিযোগে শিশু নির্যাতন, হাসপাতালে ভর্তি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৭:১৭ | অনলাইন সংস্করণ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চুরির অভিযোগে ১২ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে ‘চায়ের কাপে গল্প’ নামের একটি পথরেস্তোরাঁর উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে। শিশুটিকে বেঁধে মারধর, লোহার রড দিয়ে পেটানো এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।
এ ঘটনায় শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন। অসুস্থ অবস্থায় শিশুটিকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তেও নির্যাতনের সত্যতা পাওয়া গেছে।
সোমবার (৯ নভেম্বর) উপজেলার তিলাই ইউনিয়নের ছাট গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের ওই শিশু স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। ঘটনার দিন সকাল ১০টার দিকে তিন বন্ধুর সঙ্গে সে ‘চায়ের কাপে গল্প’ নামের পথরেস্তোরাঁটি দেখতে যায়। এ সময় রেস্তোরাঁর সাজসজ্জার দুটি ঝাড়বাতি ছিঁড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে আটক করা হয়। এরপর সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন তার বাবা।
শিশুটির বাবা জানান, বিকেল ৪টার দিকে ছেলের মাদ্রাসার শিক্ষকের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন। পরে পথরেস্তোরাঁর মালিক আল মামুনের সঙ্গে যোগাযোগ করলে তিনি ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা দাবি করেন। পরে স্থানীয় ব্যবসায়ী নুর ইসলাম তিন হাজার টাকা দিয়ে শিশুটিকে ছাড়িয়ে আনেন। সন্ধ্যায় ছেলেকে বাড়িতে নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটিকে গাছে বেঁধে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী শিশুটি জানায়, তিন বন্ধুর সঙ্গে সেখানে বেড়াতে গেলে তাদের একজন ঝাড়বাতি ছিঁড়েছিল। লোকজন দেখে ফেলায় অন্যরা দৌড়ে পালিয়ে যায়। সে বাতি না ছেঁড়ায় পালানোর চেষ্টা করেনি। পরে তাকে ধরে নিয়ে মাথা, বুক ও পিঠে ঘুষি, লাথি ও থাপ্পড় মারা হয়। সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বিভিন্নভাবে নির্যাতন করা হয় তাকে। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে দাবি শিশুটির।
শিশুটির বাবা শহিদুল ইসলাম ও মা হাজেরা খাতুন বলেন, তাদের ছেলেকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে। নির্যাতনের পর সে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। তিন দিন তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।
স্থানীয় পাগলারহাট বাজারের ব্যবসায়ী নুর ইসলাম বলেন, চুরির অভিযোগে শিশুটিকে আটক করা হয়েছিল। তিনি সেখানে গিয়ে মারধরের বিষয়ে জানতে চাইলে ভয়ে শিশুটি কিছু বলেনি। পরে ক্ষতিপূরণ বাবদ তিন হাজার টাকা দিয়ে শিশুটিকে ছাড়িয়ে আনেন। তখন শিশুটির শরীরে পোশাক থাকায় আঘাতের চিহ্ন দেখতে পাননি। পরে বাড়িতে নেওয়ার পর শরীরের বিভিন্ন স্থানে মারধরের দাগ দেখতে পান।
তবে অভিযুক্ত আল মামুন অভিযোগ অস্বীকার করে বলেন, শিশুটির বাবা নিজেই তাকে শাসন করার জন্য মারধর করেছেন। পরে স্থানীয় মুরব্বিরা বিষয়টি মীমাংসা করে শিশুটিকে পরিবারের হাতে তুলে দেন। শিশুটির বাবা সুস্থ অবস্থায় তাকে বাড়িতে নিয়ে গেছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, অভিযোগের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশুটিকে মারধরের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। পুলিশের পক্ষ থেকে হাসপাতালে গিয়েও খোঁজখবর নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
