নীলফামারীতে বিসিকের উদ্যোক্তা প্রশিক্ষণ, সনদ পেলেন ২৫ জন

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৭:৪৪ | অনলাইন সংস্করণ

  নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিসিক জেলা কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ কোর্স শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির। এতে সভাপতিত্ব করেন বিসিক নীলফামারী জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক নুরেল হক।

শিল্পনগরী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্প মালিক সমিতির সভাপতি আবুল কালাম মিন্টু ও বিসিক প্রধান কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা লাকী আক্তার।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২৫ জনের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির বলেন, প্রশিক্ষণ নিয়ে বসে থাকলে হবে না, উদ্যোক্তা হতে হবে। এ ক্ষেত্রে সরকার পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করে রেখেছে। প্রশিক্ষণার্থীরা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কোনো কাজ শুরু করলে তা বাস্তবায়ন করা সম্ভব। তাই লক্ষ্য স্থির করে এগিয়ে গেলে পিছিয়ে পড়ার সুযোগ থাকবে না।

বিসিক নীলফামারী জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক নুরেল হক জানান, ২০২৬-২০২৭ অর্থবছরে এটি প্রথম ব্যাচ। এতে ২৫ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়েছে।