
পাবনার ভাঙ্গুড়ায় আদালতের রায় উপেক্ষা করে পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, সীমানাপ্রাচীর নির্মাণ এবং বাধা দিতে গেলে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী মো. রাফিন সরকার (২৭) ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন ভাঙ্গুড়া উপজেলার দক্ষিণ সারুটিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. হাবিবুর রহমান (২৬) ও মো. আলামিন হোসেন (২১)। অভিযোগে উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে হাবিবুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ সারুটিয়া গ্রামের ৩৪ শতাংশ পৈতৃক জমি নিয়ে রাফিন সরকার ও তার পরিবারের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। রাফিনের দাবি, তার পূর্বপুরুষ আব্দুল জাব্বার ১৩৬৭ নম্বর দলিলমূলে জমিটি ক্রয় করেন। পরবর্তী সময়ে তার ওয়ারিশরা পৈতৃক সূত্রে জমিটি ভোগদখল করে আসছেন।
অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, জমিটির এসএ রেকর্ডে ওয়ারিশদের নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে ভুলক্রমে আব্দুল বারির পরিবর্তে নুরুল ইসলামের নাম অন্তর্ভুক্ত হয়। তবে আব্দুল বারি নিজ নিজ অংশে দখলে ছিলেন এবং নুরুল ইসলাম রেকর্ডে নাম থাকা সত্ত্বেও জমির দখলে ছিলেন না বলে দাবি করা হয়েছে।
এ নিয়ে ১৯৭৭ সালে জমির দখলকে কেন্দ্র করে আব্দুল জাব্বার গং ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় এমআর ৩১০/৭৭ নম্বর মামলা দায়ের করেন। ওই মামলায় জমির দখল আব্দুল জাব্বার গংদের পক্ষে প্রমাণিত হয়। পরবর্তী সময়ে নুরুল ইসলাম সিআর মোশন ৩৪/৭৯ দায়ের করলেও ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি তা বাতিল হয় বলে দাবি করেন ভুক্তভোগী।
এ ছাড়া জমির রেকর্ড সংশোধনসংক্রান্ত মামলাতেও আব্দুল জাব্বার গংদের পক্ষে রায় আসে বলে জানান রাফিন। এ-সংক্রান্ত কাগজপত্র তাদের কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।
ভুক্তভোগী আরও জানান, ২০০৯ সালে ৮০/২০০৯ নম্বর মামলায় সংশ্লিষ্ট পক্ষ লিখিত জবাব ও মুসলেকা দেয়। ওই মুসলেকায় সাবেক ৫৬৪, হাল ৬০৭; সাবেক ৫৯৫, হাল ৬০৭ এবং সাবেক ৮২০, হাল ১১০১ দাগের নামজারি নম্বর ৩৩২/২০০০-০১ উল্লেখ রয়েছে। রাফিনের প্রশ্ন, মুসলেকা দেওয়ার পরও অভিযুক্তরা কীভাবে আবার ওই জমির মালিকানা দাবি করছেন।
রাফিন সরকারের অভিযোগ, আদালতের রায় ও পূর্ববর্তী বিরোধ নিষ্পত্তির বিষয়গুলো উপেক্ষা করে অভিযুক্তরা পুনরায় জমিটি দখলের চেষ্টা করছেন। সেনাসদস্য পরিচয় ও প্রভাব ব্যবহার করে হাবিবুর রহমান অবৈধভাবে জমি দখলের চেষ্টা করছেন বলেও অভিযোগ তার।
লিখিত অভিযোগ অনুযায়ী, গত ৮ নভেম্বর বিকেল আনুমানিক ৩টার দিকে অভিযুক্তরা বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে জোরপূর্বক বেড়া নির্মাণ করেন। এতে বাধা দিতে গেলে তারা রাফিন ও তার পরিবারের সদস্যদের মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন এবং জমি দখল করে নেওয়ার হুমকি দেন। এ সময় মো. আদিব ও মো. মিজানুর রহমানসহ স্থানীয় কয়েকজন বিষয়টি প্রত্যক্ষ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী রাফিন সরকারের আশঙ্কা, জমি নিয়ে বিরোধের জেরে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পৈতৃক সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে তিনি পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আযম বলেন, “জমিজমাসংক্রান্ত বিরোধের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না।”