সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন আরোহীর মৃত্যু

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৯:১৭ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কাঞ্চন বাজার-চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চরজব্বার ইউনিয়নের হাজী গ্রামের কামাল উদ্দিনের ছেলে আব্দুল করিম (১৭), আদর্শ গ্রাম বেড়িবাঁধ এলাকার আবু তাহেরের ছেলে শাহাদাত (১৯) এবং পূর্ব চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে মো. শামীম (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল করিম তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে কাঞ্চন বাজার থেকে ভূঁইয়ারহাট বাজারে যাচ্ছিল। পথে একটি নির্মাণাধীন ব্রিজ থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তিন আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল করিম ও শাহাদাতকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য শামীমকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের ভাষ্যমতে, মোটরসাইকেলটি অতিরিক্ত গতির কারণে সড়কে থাকা বালুতে পিছলে দুর্ঘটনাটি ঘটে। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।