দিনাজপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের পুরস্কার বিতরণ
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ২০:০৩ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল এবং জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান, শিক্ষক মো. লাল মিয়া, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মণ্ডলসহ অন্যরা।
অনুষ্ঠানে স্কুল, মাদ্রাসা, কারিগরি ও কলেজ—এই চারটি ক্যাটাগরিতে বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। এর মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান, শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শ্রেষ্ঠ দেয়ালপত্রিকা বিভাগে বিজয়ীদের সম্মাননা জানানো হয়।
এ ছাড়া অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
