বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির অভিযোগে ২৫ টন পণ্য আটক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ২০:১৬ | অনলাইন সংস্করণ
বেনাপোল প্রতিনিধি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে পাচারের চেষ্টাকালে ২৫ টন কেমিক্যাল পণ্যের একটি চালান আটক করেছে কাস্টমস সদস্যরা।
বুধবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্য চালানটি বের করে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পণ্যসহ ট্রাকটি জব্দ করা হয়।
পণ্যটির আমদানিকারক প্রতিষ্ঠান অনিন্দিতা ইন্টারন্যাশনাল। বন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য পাচারের চেষ্টা করছিল সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনাল।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন জানান, কাগজপত্রে পণ্যটির ঘোষণা দেওয়া হয়েছে ট্যালকম পাউডার। কিন্তু চালানটি বন্দরে প্রবেশের পর কোনো ধরনের এন্ট্রি ও রাজস্ব পরিশোধ না করেই গোপনে বাংলাদেশি ট্রাকে খালাসের চেষ্টা চলছিল।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমস কর্মকর্তারা সেখানে অভিযান চালান। এ সময় আমদানি-সংক্রান্ত কাগজপত্র যাচাই করে ঘোষণার সঙ্গে পণ্যের প্রকৃত পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হলে চালানটি জব্দ করা হয়।
কাস্টমস কর্মকর্তাদের ধারণা, ট্যালকম পাউডারের ঘোষণা দিয়ে অন্য কোনো মূল্যবান কেমিক্যাল পাচার এবং শুল্ক ফাঁকির চেষ্টা হয়ে থাকতে পারে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
বেনাপোল বন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, আটক পণ্য চালানটি বন্দরের নিরাপত্তায় রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বন্দরের পক্ষ থেকেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সাধারণ ব্যবসায়ীরা জানান, শুল্ক ফাঁকিদাতারা বেপরোয়া হয়ে ওঠায় দিন দিন কাস্টমসের রাজস্ব হারাচ্ছে সরকার।
