সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ২১:১৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত দেড় সপ্তাহে জেলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন জেলা মৎস্যজীবী লীগের সিনিয়র সহসভাপতি খোকন ব্যাপারী (৪৯), সিরাজগঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলম (৫২) এবং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ফিরোজ হোসেন (৫১)।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার শাহেদনগর বেপারীপাড়া, চর রায়পুর ওয়াবদা মহল্লা ও সয়দাবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ওসি জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।
