কাউখালী ভূমি অফিসে মুক্তিযোদ্ধাকে অপমানের অভিযোগ
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ২১:২০ | অনলাইন সংস্করণ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালী উপজেলা ভূমি অফিসের নাজির আরেফিন আকনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণ, হয়রানি ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ করে একজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও অপমানজনক মন্তব্য করার অভিযোগে স্থানীয়ভাবে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ৮ নভেম্বর ২০২৬ তারিখে পিরোজপুরের জেলা প্রশাসক, বরিশালের বিভাগীয় কমিশনার এবং ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যসচিব ও বীর মুক্তিযোদ্ধা এস এম দুলাল।
বীর মুক্তিযোদ্ধা এস এম দুলালের স্বাক্ষরিত লিখিত অভিযোগে বলা হয়েছে, এর আগে কাউখালী উপজেলা ভূমি অফিসের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেছিল। পরবর্তী সময়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুদীপ্ত দেবনাথ যোগদানের পর সাধারণ মানুষের সঙ্গে উন্মুক্ত আলোচনার মাধ্যমে ঘুষ, দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবার পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেন। তবে তিনি বদলি হওয়ার পর দীর্ঘদিন সহকারী কমিশনার (ভূমি) পদটি শূন্য থাকায় ভূমি অফিসের কার্যক্রমে নানা জটিলতা তৈরি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, এ সুযোগে নাজির আরেফিন আকন অনেকটা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্তৃত্ব নিজের হাতে নিয়ে নেন। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করলেও প্রশাসনিক কাজের ব্যস্ততার কারণে নিয়মিত ভূমি অফিসে বসেন না। এ অবস্থায় নাজির নিজেই অনেকটা এসি ল্যান্ডের ভূমিকায় দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ রয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, ভূমি অফিসে কোনো সেবাগ্রহীতা নামজারি, মিউটেশন, সংশোধনসহ ভূমিসংক্রান্ত কাজে গেলে তাঁকে বিভিন্ন টেবিলে ঘুরতে হয়। কোনো বিষয়ে জানতে চাইলে কিংবা কাজের অগ্রগতি সম্পর্কে প্রশ্ন করলে নাজির অসৌজন্যমূলক আচরণ করেন এবং ভয়ভীতি ও হুমকি দেন। এতে সাধারণ মানুষ ভূমিসেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন।
অভিযোগের সবচেয়ে গুরুতর অংশে বীর মুক্তিযোদ্ধা এস এম দুলালের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি তুলে ধরা হয়েছে। তাঁর ব্যক্তিগত জমিসংক্রান্ত আদালতের রায়প্রাপ্ত ফাইলের কাজ নিয়ে ভূমি অফিসে গেলে তাঁকে দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে ঘোরানো হয় বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে কাজটি কবে শেষ হবে এবং আর কত দিন তাঁকে ঘুরতে হবে, তা জানতে চান বীর মুক্তিযোদ্ধা। এ সময় ক্ষিপ্ত হয়ে নাজির তাঁকে বলেন, “আপনার মতো অনেক মুক্তিযোদ্ধা বারান্দায় ঘোরে, তাতে আমার কিছু আসে যায় না। আপনারা তো মুক্তিযোদ্ধা, ডিসির কাছে যান, করে দেবে।”
বীর মুক্তিযোদ্ধা এস এম দুলাল অভিযোগে আরও উল্লেখ করেন, তাঁর ব্যক্তিগত জমিসংক্রান্ত আদালতের রায়প্রাপ্ত ফাইলের কাজ নিয়ে তাঁকে দিনের পর দিন হয়রানি করা হয়েছে। কখনো নথি নেই, কখনো নথি খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার কখনো কাজ হবে না বলে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে। একপর্যায়ে তিনি নাজিরের কাছে জানতে চাইলে তাঁকে হুমকি-ধমকি দেওয়া হয় এবং অপমানজনক মন্তব্য করা হয়।
এ ছাড়া আমড়াঝুড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফিরোজ আলম এবং কাউখালী উত্তর বাজারের ব্যবসায়ী জাকির হোসেন নসুর সঙ্গেও ভূমি অফিসে দুর্ব্যবহারের অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা। তাঁদের দাবি, নাজির আরেফিন আকন প্রায়ই সাধারণ সেবাগ্রহীতাদের সঙ্গে রূঢ় আচরণ করেন এবং কথায় কথায় হুমকি দেন। ভূমি অফিসের কাজ তাঁর নিয়ন্ত্রণে রয়েছে—এমন মনোভাবও প্রকাশ করেন বলে অভিযোগ রয়েছে।
এতে সাধারণ মানুষ অনেকটা অসহায় হয়ে পড়েছেন। বিশেষ করে নামজারিসংক্রান্ত জটিলতায় অনেকে নিজেদের জমি বিক্রি করতেও সমস্যায় পড়ছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ।
ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য ফিরোজ আলম ও ব্যবসায়ী জাকির হোসেন নসু বলেন, ভূমি অফিসে সেবা নিতে গিয়ে তাঁরা অপমানজনক আচরণের শিকার হয়েছেন। তাঁদের অভিযোগ, একজন সরকারি কর্মচারীর কাছ থেকে সাধারণ মানুষ সহযোগিতা ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন। কিন্তু নাজিরের কথাবার্তা ও আচরণে সেবাগ্রহীতারা বিব্রত ও অপমানিত হন। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
লিখিত অভিযোগে বীর মুক্তিযোদ্ধা এস এম দুলাল আরও উল্লেখ করেন, ভূমি অফিসের স্বাভাবিক কার্যক্রম ও সেবার পরিবেশ ফিরিয়ে আনতে নাজিরের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ বন্ধ এবং ভূমি অফিসের ভাবমূর্তি রক্ষায় বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
অভিযোগের বিষয়ে কাউখালী উপজেলা ভূমি অফিসের নাজির আরেফিন আকনের কাছে জানতে চাইলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। সেবাগ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহার করেন না দাবি করে তিনি বলেন, সেবাগ্রহীতাদের বিভিন্ন বিষয় বুঝিয়ে বলা হয়। তাঁরা না বুঝলে কিছু করার নেই।
এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। তবে কোনো সেবাগ্রহীতার সঙ্গে খারাপ আচরণ করার সুযোগ নেই। কেউ এ ধরনের আচরণের শিকার হলে তাঁকে তাঁর কাছে পাঠানোর পরামর্শ দেন তিনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
