রৌমারীতে ইউপি প্রশাসককে প্রত্যাহারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ২১:২৬ | অনলাইন সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসক মো. তরিকুল ইসলামকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন, ইউনিয়ন পরিষদ ঘেরাও ও ভবনে তালা ঝুলানোর হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা বাজারে আয়োজিত এক মানববন্ধন থেকে এ হুঁশিয়ারি দেন তারা।
জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসে রৌমারী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গুদাম থেকে ইউনিসেফের লোগোসংবলিত সরকারি মালামাল চুরি করে রৌমারী বাজারের ব্যবসায়ীদের কাছে বিক্রির অভিযোগ ওঠে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলামের বিরুদ্ধে। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই মালামালগুলো জব্দ করে।
এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে জব্দ করা মালামালগুলো থানা থেকে পুনরায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে নিয়ে আসেন তরিকুল ইসলাম। পরে চুরির অপবাদ ঢাকতে তিনি বাদী হয়ে পাঁচ ব্যবসায়ীর বিরুদ্ধে চুরির মামলা করেন বলে অভিযোগ রয়েছে। ওই মামলা এখনো চলমান।
গত ২৪ সেপ্টেম্বর দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রেজাউল করিম মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়। চেয়ারম্যানের পদ শূন্য হওয়ার পর উপজেলা প্রশাসন বিতর্কিত ওই কর্মকর্তার নাম একক প্রস্তাবনা হিসেবে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠায়। এরই ধারাবাহিকতায় গত ১১ নভেম্বর ওই ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তরিকুল ইসলাম।
তরিকুল ইসলাম প্রশাসকের দায়িত্ব নিয়ে দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদে যোগদান করায় ক্ষোভে ফুঁসে ওঠেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্ত তরিকুল ইসলাম একজন ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ ও বিতর্কিত ব্যক্তি। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত সরকারি সংস্থার মালামাল চুরির সঙ্গে জড়িত একজন বিতর্কিত ব্যক্তিকে ইউনিয়নের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রশাসক হিসেবে মেনে নেওয়া হবে না।
বক্তারা অবিলম্বে তাকে অপসারণ করে সৎ ও নিরপেক্ষ কাউকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন মিজানুর রহমান, জোবায়দুল ইসলাম জোবায়েদ, মোতালেব মিয়া, মুকুল মিয়া, আজাদ হোসেন, সোলায়মান হোসেন, আব্দুর রহিম ও লাভলু মিয়া প্রমুখ।
