সিরাজগঞ্জে আন্তজেলা গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ২১:৫৩ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে আন্তজেলা গরু চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-১২-এর সদস্যরা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, তাড়াশ উপজেলার শালিয়াগাড়ী গ্রামের জহুরুল ইসলাম (৪১), মঙ্গলবাড়িয়া গ্রামের ফরমান আলী (৩৮), বগুড়ার শেরপুর উপজেলার আঁশগ্রাম গ্রামের রাশেদুল ইসলাম (৩৬), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গঙ্গামতি গ্রামের নান্নু সরদার (৪৮), জামালপুরের বকশিগঞ্জ উপজেলার কোনোকান্দা গ্রামের আনাছ (২০) ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার খিল্লাতাজপুর গ্রামের সোহাগ (৩০)।

এসআরবি-১২-এর অপস অফিসার সহকারী পুলিশ সুপার ধীমান কুমার মন্ডল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ জুন গভীর রাতে তাড়াশে এক কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গরু লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বাজারে এবং সন্ধ্যায় রায়গঞ্জের চান্দাইকোনা এলাকায় অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়ীয়া আদর্শ গ্রাম ও কামারখন্দ উপজেলার মেঘাই ভদ্রঘাট সাতাশপাড়া গ্রাম থেকে চুরি যাওয়া দুটি গরু উদ্ধার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা গরু চুরির মামলার পলাতক আসামি।