বিদ্যুতের খুঁটিতে আটকা যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৫:৩৯ | অনলাইন সংস্করণ

  শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে পড়েন এক যুবক। পরে তাকে উদ্ধার করতে ছুটে আসে ফায়ার সার্ভিস। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে নিচে নামিয়ে আনেন। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হয়।

গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম লিটন মিয়া। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে ছাতির বাজারের পাশের একটি ইটভাটার পেছনে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন লিটন। এ সময় স্থানীয় এক ব্যক্তি তাকে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে এলাকাটি ঘিরে ফেলেন।

এ সময় নিচে থাকা আরেকজনকে আটক করেন স্থানীয়রা। অন্যদিকে, বৈদ্যুতিক খুঁটিতে থাকা লিটন আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খায়রুল আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে আটকে থাকা যুবককে জীবিত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তরের পাশাপাশি চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ট্রান্সফরমার চুরির সময় স্থানীয়রা ওই যুবককে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন। বিদ্যুতের তারে তিনি দগ্ধ হয়েছেন। তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।