বৈশ্বিক অস্থিরতায় দেশে দ্রব্যমূল্য বেড়েছে: সমাজকল্যাণমন্ত্রী
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৬:১৫ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বৈশ্বিক অস্থিরতার কারণে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। সবকিছুর দাম বাড়লেও প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে এখনো দেশের মানুষ তিনবেলা ভাত খেতে পারছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার বেনুবন বৌদ্ধবিহারে বৌদ্ধদের জাতীয় ও ধর্মীয় উৎসব কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ষড়যন্ত্রের কথা বলে বিভিন্ন ধরনের উসকানি দিচ্ছেন। আমরা বলতে চাই, এত খুন, গুম ও মানুষকে পঙ্গু করে ফেলার পর কীভাবে ভাবেন, এ দেশে আপনাদের বিচার হবে না? এ দেশে আইনের শাসন রয়েছে।
তিনি বলেন, অন্যায় করলে তার খেসারত দিতে হবে। জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো।
তিনি আরও বলেন, বৌদ্ধ ধর্মের মূলমন্ত্র হচ্ছে, জগতের সব প্রাণী সুখী হোক। আমরা সম্মিলিতভাবে অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা গড়ে তুলতে চাই। আগামীর বাংলাদেশ গঠনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মন্ত্রী বলেন, তারা এমন লুটপাট করেছে যে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তারা দেশের অর্থনীতিকে ভেঙে দিয়েছে। সেই পরিস্থিতি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনে কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, চব্বিশের অভ্যুত্থানের আগেও তারা পালিয়েছিল। এখনো তারা পালিয়ে আছে। বিএনপি জনগণের দল। তাই বিএনপি জনগণের মাঝে বেঁচে থাকতে চায়। শহীদ জিয়াউর রহমান জনগণের মাঝে থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। একই পথে হেঁটেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মানুষ শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতি অকুণ্ঠ সমর্থন রেখেছিলেন।
উত্তরবঙ্গ সংঘের নায়ক ভদন্ত সোমানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ইসরাত জাহান, বেনুবন বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত শুভমিত্র ভিক্ষু, রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব পরিতোষ চক্রবর্তী, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, আদিবাসী স্বপন এক্কা ও পিংকি তিজ্ঞা প্রমুখ।
পরে বেনুবন বৌদ্ধবিহারের উন্নয়নে চলতি বছর ৫ লাখ এবং আগামী বছর আরও ৫ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘আপনারা আমাদের সঙ্গে থাকবেন। মিঠাপুকুরের বেনুবন বৌদ্ধবিহারকে উত্তরবঙ্গের প্রধান দপ্তর করা হবে।’
