হাসপাতালে ভোগান্তি কমাতে সিরাজগঞ্জে ই-অ্যাপয়েন্টমেন্ট চালু
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৯:৩০ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

চিকিৎসাসেবা নিতে রোগীদের ভোগান্তি কমাতে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চালু হয়েছে ই-অ্যাপয়েন্টমেন্ট সেবা। এ ব্যবস্থার মাধ্যমে রোগীরা ঘরে বসেই অনলাইনে বহির্বিভাগের চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এতে হাসপাতাল দুটিতে সময়ের অপচয় ও অতিরিক্ত ভিড় কমবে।
বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ই-অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
তিনি বলেন, বর্তমানে দেশের ২৪টি প্রতিষ্ঠানে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। ই-অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার মাধ্যমে রোগীরা অনলাইনে সহজেই বহির্বিভাগের চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এতে রোগী ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে। হাসপাতালে দীর্ঘ সময় অপেক্ষার ভোগান্তি কমবে এবং চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে। পাশাপাশি রোগীদের সময় ও যাতায়াতের ক্ষেত্রেও সুবিধা হবে।
এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আ ন ম বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, পরিচালক (প্রশাসন) অধ্যাপক জালাল উদ্দিন মোহাম্মদ রুমী, রাজশাহী বিভাগের পরিচালক (স্বাস্থ্য) মো. হাবিবুর রহমান, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এ টি এম নুরুজ্জামান এবং ব্রিটিশ কাউন্সিলের ই-ফেক্টিভ গভর্ন্যান্স প্রকল্পের ন্যাশনাল কনসালট্যান্ট শাহ আলী আকবর আশরাফী প্রমুখ উপস্থিত ছিলেন।
