চুয়াডাঙ্গায় ঋণ পরিশোধের নামে টাকা-গহনা হাতিয়ে উধাও দম্পতি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৯:৫৫ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার পুরাতন ভান্ডারদহ গ্রামে এনজিওর ঋণ পরিশোধের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। এ ঘটনায় সর্বস্ব হারিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবারগুলো।

অভিযুক্ত আসানুর বেগম ও তার স্বামী সাজ্জাদ গত এক সপ্তাহ ধরে সপরিবারে আত্মগোপনে রয়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, আসানুর বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে এলাকাবাসীর বিশ্বাস অর্জন করেন। পরে এনজিওর চলমান ঋণ পরিশোধ করে ব্যাংক বা সমিতি থেকে পুনরায় নতুন ঋণ তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ সংগ্রহ করেন। পাশাপাশি আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে প্রতিবেশী নারীদের কাছ থেকে কৌশলে স্বর্ণালংকার ধার নেন।

গত এক সপ্তাহ ধরে ওই দম্পতির কোনো খোঁজ না পাওয়া এবং তাদের মুঠোফোন বন্ধ থাকায় প্রতারণার বিষয়টি সামনে আসে। ভুক্তভোগীদের মধ্যে একই গ্রামের সাইদুর রহমানের স্ত্রী চম্পা খাতুন অভিযোগ করে বলেন, এনজিওর ঋণ পরিশোধ করে নতুন ঋণের টাকা উত্তোলনের পর ফেরত দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে।

এ ছাড়া অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে এলাকার আরও কয়েকজনের অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ উঠেছে। তাদের মধ্যে তরিকুলের স্ত্রী শাহানাজ খাতুনের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও এক জোড়া সোনার কানের দুল, হাতেম আলীর স্ত্রী নাছিমা খাতুনের কাছ থেকে সোনার কানের দুল ও রুলি, মান্নানের মেয়ে শারমিনের কাছ থেকে নগদ ১১ হাজার টাকা এবং ইকরামুলের স্ত্রীর কাছ থেকে নগদ ২ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

হঠাৎ করে জমানো অর্থ ও স্বর্ণালংকার হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। খোয়া যাওয়া অর্থ ও গহনা উদ্ধারে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত আসানুর বেগম ও তার স্বামী সাজ্জাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।