সার সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দামুড়হুদায় কৃষক সমাবেশ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২০:১৭ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

সার সংকট, সার ডিলার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণ এবং দফায় দফায় কৃষি উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘কৃষকের ন্যায্য অধিকার ও জনস্বার্থ রক্ষায় প্রতিবাদ হোক ঐক্যবদ্ধ’—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা ঈদগাহ ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির নায়েব আলীর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আবেদুদ্দৌলা টিটোনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন।

সমাবেশে বক্তারা কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অবিলম্বে সারের কৃত্রিম সংকট দূর করে প্রকৃত কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ সরবরাহের দাবি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি হাফেজ মুহসিন এমদাদুল্লাহ জামেন।

সমাবেশে আরও বক্তব্য দেন দামুড়হুদা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবেদুদ্দৌলা টিটোন, কার্পাসডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল গফুর এবং নাটুদাহ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা উমর ফারুক।

এ ছাড়া উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল বাশার ও রফিকুল ইসলাম জিয়া, যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক, অফিস সম্পাদক ইখতিয়ার হোসেন, হাউলী ইউনিয়ন আমির ওবায়দুল হক, দামুড়হুদা ইউনিয়নের ভারপ্রাপ্ত আমির মাওলানা আলিম উদ্দিন, নাটুদাহ ইউনিয়ন আমির শামসুজ্জোহা এবং নতিপোতা ইউনিয়নের ভারপ্রাপ্ত আমির মঞ্জুরুল করিম লাভলুসহ স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ কৃষক।