রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২০:৩৮ | অনলাইন সংস্করণ

  রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

শুক্রবার সরকারি ছুটির দিন। স্বাভাবিকভাবেই বন্ধ থাকে বিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম। অথচ বন্ধের দিনেও জাতীয় পতাকা উড়তে দেখা গেছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের আবদুল ওয়াহেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

খবর পেয়ে সরেজমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিদ্যালয় শুরুর সময় জাতীয় পতাকা উত্তোলন করা হলেও তা আর নামানো হয়নি।

বিদ্যালয় ছুটির পর প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা বাড়িতে চলে যান। এরপর বৃহস্পতিবার সারা রাত এবং পরদিন শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত, এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যালয়টিতে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান, ইমতিয়াজ আহমেদ ও খায়রুল ইসলাম বলেন, আবদুল ওয়াহেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক শিক্ষা মন্ত্রণালয়ের কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে সম্পূর্ণ একতরফা ও মনগড়াভাবে বিদ্যালয় পরিচালনা করে আসছেন। বন্ধের দিনে জাতীয় পতাকা উড়িয়ে রেখে তিনি জাতীয় পতাকার অবমাননা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক ব্যক্তিগত কাজে নোয়াখালীর মাইজদী যাচ্ছেন বলে ফোন কেটে দেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহে আলম বলেন, বন্ধের দিনে পতাকা উড়িয়ে রাখার কোনো নির্দেশনা নেই। এটি এক ধরনের জাতীয় পতাকার অবমাননার শামিল। খবর পেয়ে ওই বিদ্যালয়ে লোক পাঠানো হয়েছে।