দুর্গাপুরে সিপিবির হাটসভা, কৃষি উপকরণের দাম কমানোর দাবি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২০:৪২ | অনলাইন সংস্করণ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গুজিরকোনা বাজারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে হাটসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে এবং সিপিবি গুজিরকোনা শাখার আয়োজনে এ হাটসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কমরেড আঃ মালেক। সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সদস্য নুর আলম খানের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ।
এ সময় আরও বক্তব্য দেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম।
সভায় বক্তারা কৃষকদের সার, বীজ ও ডিজেলের দাম কমানো, কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের মূল্য কমানোর দাবি জানান।
কমরেড দিবালোক সিংহ বলেন, কৃষি উৎপাদন ব্যয় বৃদ্ধি ও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে কৃষকসহ সাধারণ মানুষ নানা সংকটে পড়েছেন। কৃষক ও শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় কৃষি উপকরণের দাম কমানো এবং বাজারমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
সভায় কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষের জীবনমান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।
