ঈশ্বরগঞ্জে জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৫:২০ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আইডিসহ বরকত উল্লাহ লিমন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, এলাকায় তিনি কথিত ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে উপজেলার বড়হিত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে পুলিশ। পরে ওই ফোনে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আইডির সন্ধান পাওয়া যায়।

গ্রেপ্তার লিমন উপজেলার বৃ-পাচাশি গ্রামের মৃত তালেব হোসেনের ছেলে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, জুয়া প্রতিরোধ আইনে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, “অনলাইন জুয়া সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি ভয়াবহ অভিশাপ। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

এ সময় অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।