ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় ইএসডিও কর্মকর্তা নিহত, আহত ২

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৯:০১ | অনলাইন সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপন চন্দ্র (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও বন বিভাগ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন চন্দ্র পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া এলাকার হরিপ্রসাদ রায়ের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে (ইএসডিও) কর্মরত ছিলেন। তবে আহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ঠাকুরগাঁও শহর থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল বন বিভাগ কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘আল্লাহর দান মা-বাবার দোয়া’ নামের একটি ট্রাক সেটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রিপন চন্দ্র নিহত হন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।