ঈশ্বরদীতে কৃষকের কাছে ৮০ বস্তা সার বিক্রি, ডিলারকে জরিমানা

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৯:২৭ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে বিধিবহির্ভূতভাবে মাত্র দুই কৃষকের কাছে ৮০ বস্তা সার বিক্রির দায়ে কামাল হোসেন নামে এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারে অভিযান চালিয়ে মেসার্স তাইম বীজভান্ডারের মালিক ও সার ডিলার কামাল হোসেনকে এ জরিমানা করা হয়।

সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ অনুযায়ী তাকে জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের বিধান ছিল।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার।

তিনি বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে সরকারি নিয়ম মেনে সার বিক্রি করতে হবে। সার বিক্রি, মজুত ও বিতরণে অনিয়ম করলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রহল্লাদ কুমার কুণ্ডু, ঈশ্বরদী থানা-পুলিশ ও পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্যরা উপস্থিত ছিলেন।