
রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে হারিয়ে যাওয়া ৫১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে প্রকৃত মালিকানা যাচাই-বাছাই করে ফোনগুলো সংশ্লিষ্ট মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
শনিবার সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ।
তিনি বলেন, ছিনতাইসহ বিভিন্ন কারণে হারিয়ে যাওয়া যেসব মোবাইল ফোনের বিষয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল, সেসব ফোনের আইএমইআই নম্বর ট্র্যাকিংয়ের মাধ্যমে উদ্ধার করা হয়েছে।
পুলিশের আইসিটি এক্সপার্ট দলের প্রযুক্তিগত সহায়তায় ৫১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।
পরে উদ্ধার হওয়া ফোনগুলোর মালিকানা যাচাই-বাছাই শেষে ৫১ জন প্রকৃত মালিকের হাতে ফোনগুলো তুলে দেন পুলিশ কমিশনার।
এ সময় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।