রসিকের ৮০৫ এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২১:৩১ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুর সিটি করপোরেশন (রসিক) এলাকার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে রসিকের আয়োজনে এবং রংপুর গ্রুপের সহযোগিতায় ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
মেফতাহুল জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন। এ সময় উপস্থিত ছিলেন রসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, কেন্দ্রীয় ড্যাবের সহসভাপতি নিখিলেন্দু গুহ রায়, রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার, উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন, পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার এবং অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিনসহ অন্যরা।
অনুষ্ঠানস্থলের পুরো হলরুম বিভিন্ন অনুপ্রেরণামূলক ফেস্টুন দিয়ে সাজানো হয়। ফেস্টুনগুলোতে লেখা ছিল—‘বড় স্বপ্ন দেখো, বড় মানুষ হওয়ার চেষ্টা করো’, ‘তোমাদের সাফল্যে গর্বিত রংপুর, আশাবাদী বাংলাদেশ’, ‘আজকের সংবর্ধনা আগামীর স্বপ্নজয়ের অনুপ্রেরণা’, ‘মেধার সঙ্গে সাহস যুক্ত হলে তৈরি হয় ইতিহাস’, ‘পরিচ্ছন্ন, সবুজ ও পরিকল্পিত রংপুর নগরী গড়ার প্রত্যয়ে এগিয়ে চলো’ এবং ‘শিক্ষিত তরুণরাই একটি জাতির সবচেয়ে বড় সম্পদ’।
অনুষ্ঠানে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আরণ্যক পাল প্রাচুর্য বলেন, ‘এমন আয়োজনে আমরা আবেগে আপ্লুত। রংপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠান আয়োজন করায় আমাদের মেডিকেলে পড়ার স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে গেল।’
পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হাসনাত খান বলেন, ‘এত বড় আয়োজনে আমাদের সংবর্ধনা দেওয়ায় আমরা গর্বিত। বিশেষ করে রংপুর সিটি করপোরেশন প্রথমবারের মতো এমন বড় আয়োজন করেছে। সিটি করপোরেশনের প্রশাসক রংপুর নগরীকে পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছেন। এটি আমাদের কাছে বড় পাওয়া।’
রসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, বর্তমান অভিভাবকেরা অনেক সময় শিক্ষার্থীদের ওপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেন। এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। কোনো শিক্ষার্থীর মধ্যে ভিন্ন কোনো সৃজনশীল চিন্তাভাবনা থাকলে তার মাধ্যমেই চূড়ান্ত সফলতা আসা সম্ভব বলে তিনি মনে করেন।
প্রধান অতিথির বক্তব্যে রসিক প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেই বাংলাদেশ হবে মাদকমুক্ত, সবুজ-শ্যামল ও পরিচ্ছন্ন।’
এ সময় রংপুর নগরীকে পরিচ্ছন্ন, সবুজ ও মাদকমুক্ত করার পাশাপাশি যানজটমুক্ত করতে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন তিনি।
