সিরাজগঞ্জে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১৭:০৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেইসাথে একটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও অপর মামলায় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। তারা হলো, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মামুদপুর গ্রামের মৃত গোলজার হোসেন ব্যাপারির ছেলে শরিফুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ভবানিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে জিয়াউল হক। রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ এর আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন।ওই আদালতের এপিপি শামচুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, ২০১৯ সালের ১৩ জুন র্যাব-১২ এর সদস্যরা সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় মহাসড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহণে তল্লাশি চালিয়ে ১৯৯ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ জিয়াউল হককে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে র্যাব-১২’র ডিএডি আবুল বাশার বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এদিকে, ২০১২ সালের ১৩ অক্টোবর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মামুদপুর গ্রামে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় ৭৫ গ্রাম হেরোইনসহ আনোয়ার বেগম ও তার ছেলে শরিফুল ইসলামকে (১৪) গ্রেফতার করা হয়। এ ব্যাপারে উপপরিদর্শক আসলাম হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ দুটি মামলার তদন্ত শেষে পুলিশ ওই ২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহন শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।
