
তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-৩১) থেকে বাংলাদেশের কৃষি ও কৃষকের অধিকার সুরক্ষা এবং উন্নত দেশগুলোর কাছ থেকে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি জানানো হয়েছে। এ দাবিতে দেশের বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করছে ৩০টি নাগরিক সংগঠন। ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার’ শীর্ষক প্রচারাভিযানের অংশ হিসেবে এসব কর্মসূচি পালন করা হচ্ছে।
এরই অংশ হিসেবে রোববার (১৫ নভেম্বর) দুপুরে রংপুর মহানগরীর তাজহাট কৃষি কলেজের সামনে ডপস ফাউন্ডেশনের আয়োজনে প্রতীকী মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। এতে ৬০ জন কৃষক, নারী কৃষক, জেলে ও তরুণ অংশ নেন।
শামছুল মান্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নারী নেত্রী লিপিকা ইয়াসমিন, কৃষি কলেজের শিক্ষার্থী মমিনুল ইসলাম, কৃষক আব্দুল হান্নান, ডপস সংস্থার প্রকল্প সমন্বয়কারী সুবল মুখার্জি ও ডপসের নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার চক্রবর্তী প্রমুখ।
বক্তব্যে লিপিকা ইয়াসমিন বলেন, কৃষিভিত্তিক কলকারখানা স্থাপন করা হয়নি। এটি স্থানীয় একটি সমস্যা। তাদের দাবি, অবিলম্বে রংপুরকে কৃষি অঞ্চল ঘোষণা করতে হবে।
ডপসের নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার চক্রবর্তী জানান, কপ-৩১ সম্মেলনের প্রথম সপ্তাহের অগ্রগতি কৃষকদের জন্য হতাশাজনক। কার্বন ব্রিফের বিশ্লেষণ উদ্ধৃত করে তিনি বলেন, উন্নত দেশগুলোর নতুন সরকারি জলবায়ু অর্থের প্রতিশ্রুতি বছরে প্রায় ৪ হাজার কোটি ডলার থেকে কমে ১ হাজার ১৭০ কোটি ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ কমেছে ৭১ শতাংশ। অভিযোজন অর্থ তিন গুণ করার প্রস্তাব আলোচ্যসূচিতেই ওঠেনি। ৯ নভেম্বর ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবসে খাদ্য ও কৃষির জন্য কোনো লক্ষ্য বা অর্থের ঘোষণা আসেনি।
আয়োজকেরা আরও জানান, বিশ্বের জলবায়ু অর্থের মাত্র ১ দশমিক ৭ শতাংশ উন্নয়নশীল দেশের ক্ষুদ্র কৃষকদের কাছে পৌঁছায়। সম্মেলনে বাংলাদেশের জন্য ৩ কোটি ডলার অনুদানের ঘোষণা এসেছে। ঋণ নয়, অনুদান হওয়ায় একে স্বাগত জানালেও তারা বলেন, এই অর্থ দেশের বার্ষিক জলবায়ুজনিত ক্ষতির (১ হাজার ৫২০ কোটি ডলার) মাত্র ০ দশমিক ২ শতাংশ।
কপ-৩১ সম্মেলনের নেতৃবৃন্দের কাছে আয়োজকদের দাবিগুলোর মধ্যে রয়েছে—ঋণ নয়, অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা। উন্নত দেশগুলোকে বহুবর্ষী ও অনুদানভিত্তিক নতুন জলবায়ু অর্থের প্রতিশ্রুতি দিতে হবে। স্বল্পোন্নত দেশগুলোর অভিযোজন অর্থায়ন সম্পূর্ণ অনুদানভিত্তিক করতে হবে।
এ ছাড়া খাদ্য ও কৃষির জন্য অন্তত পাঁচ বছরের অর্থায়নসহ স্থায়ী কর্মসূচি গ্রহণ এবং এতে কৃষক ও জেলে সংগঠনের আনুষ্ঠানিক অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানানো হয়। নবায়নযোগ্য উৎসভিত্তিক বিদ্যুতায়নের ক্ষেত্রে ‘৩৫ বাই ৩৫’ লক্ষ্যকে অন্তত ৭৫ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্যের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়।
কৃষক, নারী কৃষক, বর্গাচাষি, কৃষিশ্রমিক, জেলে ও আদিবাসীদের অধিকার নিশ্চিত করে অধিকারভিত্তিক ন্যায্য রূপান্তরের দাবি জানান তারা। পাশাপাশি ক্ষয়ক্ষতি তহবিলের প্রতিশ্রুত অর্থ দ্রুত জমা এবং ক্ষতিগ্রস্ত কৃষক ও জেলেদের কাছে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
জলবায়ু দুর্যোগে বিপর্যস্ত দেশগুলোর অন্যায্য বিদেশি ঋণ বাতিল এবং কার্বন বাজারের পরিবর্তে কৃষিপ্রতিবেশকে জলবায়ু সমাধান হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিও তুলে ধরেন আয়োজকেরা।
বাংলাদেশ সরকারের প্রতি আয়োজকদের প্রস্তাবের মধ্যে রয়েছে, সম্মেলনের বাকি দিনগুলোতে চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন ও কৃষি কর্মসূচি নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখা। এ ছাড়া ৩ কোটি ডলারের অনুদানের প্রকল্প এলাকা ও উপকারভোগীদের তথ্য প্রকাশ, গ্যাস বরাদ্দে সার উৎপাদনকে অগ্রাধিকার এবং কৃষক কার্ড, শস্যবিমা ও সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বর্গাচাষি, নারী কৃষক, ভূমিহীন কৃষিশ্রমিক ও জেলেদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়।
দেশের বিভিন্ন প্রান্তের ৩০টি নাগরিক সংগঠন এই প্রচারাভিযানে যুক্ত রয়েছে। প্রচারাভিযানের মূল স্লোগান—‘জীবাশ্ম জ্বালানি নয়, ঋণও নয়; খাদ্য নিরাপত্তা ও কৃষিপ্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত কর’।