দিনাজপুরে কমলা চাষে নতুন সম্ভাবনা, সফল হচ্ছেন কৃষক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৬:১৯ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

ধানের জেলা দিনাজপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কমলা চাষ। এখানকার আবহাওয়া ও মাটি কমলা চাষের অনুকূলে থাকায় এ চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেক কৃষক। শখের বশে কমলা চাষ করে আশাতীত সাফল্য পাওয়ায় এখন অনেকে বাণিজ্যিকভাবে কমলা চাষে এগিয়ে আসছেন।
সবুজ পাতার ফাঁকে ফাঁকে গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে ফিকে হলুদ রঙের সুস্বাদু মিষ্টি কমলা। বাতাসে ছড়াচ্ছে কমলার টক-মিষ্টি ঘ্রাণ।
উৎপাদিত এসব কমলা স্বাদে মিষ্টি এবং আকারেও বেশ বড়। বাড়ির আঙিনার পাশাপাশি ফসলি জমিতেও চাষ হচ্ছে কমলা। কমলা চাষে আশাতীত সাফল্য কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
লাভজনক হওয়ায় দিনাজপুরের বীরগঞ্জ, কাহারোল, খানসামা, চিরিরবন্দর, বিরল, বোচাগঞ্জ, পার্বতীপুর, ফুলবাড়ী, হাকিমপুর, নবাবগঞ্জ, বিরামপুর ও ঘোড়াঘাট উপজেলায় বাণিজ্যিকভাবে কমলা চাষ শুরু হয়েছে। অনেক গাছে ফল ধরেছে। আবার অনেক গাছ রয়েছে নিবিড় পরিচর্যায়। গাছগুলোও বেশ পরিপূর্ণতা লাভ করেছে।
দিনাজপুরের বিরল উপজেলার পুরিয়া গ্রামের কৃষক মো. মতিউর রহমান মতি জানান, তিনি দুই বছর আগে ৬০টি কমলা গাছের বাগান করেন। এর মধ্যে প্রায় ৫০টি গাছ বেঁচে আছে। গাছগুলোতে কমলাও ধরেছে। তিনি ও তার পরিবারের সদস্যরা এসব গাছের মিষ্টি কমলা খাচ্ছেন। কমলা চাষে সফলতা পাবেন বলে আশাবাদী তিনি।
বিরল উপজেলার পুরিয়া, রানীপুকুর, বটহাট ও রাঙ্গন গ্রাম এবং বীরগঞ্জের মরিচা, সুজালপুর, বড় শীতলাই মাস্টারপাড়া ও সাতোর চৌপুকুরিয়া গ্রামে বাড়ির আঙিনার পাশাপাশি ফসলি জমিতেও কমলা চাষ হচ্ছে। দূর-দূরান্ত থেকে মানুষ এসব কমলা বাগান ও গাছ দেখতে ছুটে আসছেন। অনেকের কাছে এসব কমলা গাছ অনুকরণীয় হয়ে উঠেছে।
জনপ্রতিনিধিরাও কমলা চাষে পিছিয়ে নেই। বিরল উপজেলার ১০ নম্বর রানীপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আজম ৫০টি কমলা গাছ লাগিয়েছেন। তার গাছেও ফল এসেছে।
দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন জানান, হিমালয়ের পাদদেশে দিনাজপুরের অবস্থান হওয়ায় ভৌগোলিক কারণে এ জেলায় কমলা চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে বাণিজ্যিকভাবে কমলা চাষ করে কৃষকরা সফলতা পেতে পারেন। ব্যাপকভাবে কমলা উৎপাদন করা গেলে আমদানিনির্ভরতা কমবে। পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং দেশে উৎপাদিত কমলা দিয়ে পুষ্টির চাহিদাও মেটানো সম্ভব হবে।
এ অঞ্চলে কমলা চাষের ব্যাপক প্রসার ঘটছে। কমলা চাষ করে অনেকের ভাগ্যের চাকা ঘুরেছে। সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এ অঞ্চলে কমলা চাষের পরিধি আরও বাড়বে বলে মনে করছেন কৃষিবিদরা।
