ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে পদ্মার পাড় কেটে মাটি লুট, দুটি যানবাহন জব্দ

ঈশ্বরদীতে পদ্মার পাড় কেটে মাটি লুট, দুটি যানবাহন জব্দ

পাবনার ঈশ্বরদীতে রাতের আঁধারে অবৈধভাবে পদ্মা নদীর পাড়ের মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়ে একটি স্কেভেটর ও একটি ড্রাম ট্রাক জব্দ করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের এমপি মোড়সংলগ্ন কালীতলা শ্মশানঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় যানবাহন দুটি তাৎক্ষণিকভাবে থানায় নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, ইটভাটার মৌসুম শুরু হওয়ায় রাজনৈতিক দলের কয়েকজন নেতাকর্মী ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা প্রশাসনের একাংশের সঙ্গে যোগসাজশে উপজেলার বিভিন্ন এলাকায় পদ্মার পাড়ের মাটি কেটে ইটভাটায় সরবরাহ করছেন। পাকশী ইউনিয়নের রূপপুর ফটু মার্কেট এবং লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কালীতলা, নবীনগর, কৈকুন্ডা, বিলকেদা ও কামালপুরসহ অন্তত ২৫টি স্থানে মাটি কাটার অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, কালীতলা শ্মশানঘাট এলাকায় পদ্মার পাড় থেকে মাটি কাটার খবর সরকারি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর ও মাটি পরিবহনের একটি ড্রাম ট্রাক ফেলে রেখে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান আসাদ জানান, ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে স্কেভেটর ও ড্রাম ট্রাকটি জব্দ করে। তবে যানবাহন দুটি তাৎক্ষণিকভাবে থানায় আনা সম্ভব হয়নি।

যানবাহন জব্দ,মাটি লুট,পদ্মার পাড়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত