ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

চট্টগ্রামের পটিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারেজ (২১) নামে এক প্রবাসফেরত যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহত দুজনের বাড়ি লোহাগাড়া উপজেলায় বলে জানা গেছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারেজ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাহাজীপাড়ার বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহরগামী ঈগল পরিবহনের একটি বাসের (চট্টগ্রাম-জ ১১-০১৯৩) সঙ্গে চট্টগ্রাম শহর থেকে আসা একটি মোটরসাইকেলের (চট্ট মেট্রো-ল ২১-৮৮০২) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহী গুরুতর আহত হন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলের একজন আরোহীকে মৃত অবস্থায় দেখতে পান। অপরজন গুরুতর আহত ছিলেন। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। নিহত ও আহত দুজনের বাড়ি লোহাগাড়া উপজেলায় বলে তিনি জানতে পেরেছেন।

পটিয়া হাইওয়ে থানার পুলিশের এএসআই বেলাল উদ্দিন জানান, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসচালক পালিয়ে গেছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক জানান, আশঙ্কাজনক অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছে। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

যুবক নিহত,মুখোমুখি সংঘর্ষ,বাস-মোটরসাইকেল,পটিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত