ময়মনসিংহের নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৮:৪৪ | অনলাইন সংস্করণ

  ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ বিভাগের নতুন পরিচালক (স্বাস্থ্য) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. জাকিউল ইসলাম। তিনি বিদায়ী বিভাগীয় পরিচালক ডা. প্রদীপ কুমার সাহার স্থলাভিষিক্ত হচ্ছেন। এর আগে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও ইনসিটু উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ ও পদায়নের বিষয়টি জানানো হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব আশ্রাফ আহমেদ রাসেল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক প্রয়োজনে এ পদায়ন করা হয়েছে। একই সঙ্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, হাসপাতালটির সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. শেখ আলী রেজা সিদ্দিকীকে উপপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে ডা. মো. জাকিউল ইসলামের এ নিয়োগের মধ্য দিয়ে ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্য প্রশাসনে নতুন নেতৃত্বের সূচনা হতে যাচ্ছে। তার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিভাগের স্বাস্থ্য প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা রয়েছে।